এবার কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার জিতেছে সিনেমাটি। ‘রইদ’-এ সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন নাজিফা তুষি। সিনেমাটির এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তারা।
মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্য উৎসবটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠছে। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।
আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও প্রশংসিত হয়েছে ‘রইদ’। নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল সিনেমাটি। এ ছাড়া অংশ নিয়েছে আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে।