আগামী ২৬ অক্টোবর বসবে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে সদ্য ভেনিস উৎসবে জ্যোতি ছড়ানো বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মাধ্যমে প্রথমবারের মতো টোকিও উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগে লড়বে রুবাইয়াত হোসেনের এই সিনেমাটি। চার দশকের ইতিহাসে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি সিনেমা এটি। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প ঢাকার এক হবু কনেকে ঘিরে। বিয়ের প্রস্তুতি, সৌন্দর্যচর্চা, পরিবার ও সমাজের নানা প্রত্যাশার মধ্য দিয়ে এগিয়ে যায় তার মানসিক টানাপড়েনের গল্প। বাস্তবতার সঙ্গে স্বপ্ন, ভয়, স্মৃতি ও অলৌকিকতার মিশেলে নারীর ইচ্ছা, শরীর ও সৌন্দর্যবোধের পাশাপাশি বিয়েকে ঘিরে প্রচলিত সামাজিক রীতিনীতিও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
এটি রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত সিনেমাগুলো আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ও এরই মধ্যে ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ১১২টি দেশ ও অঞ্চল থেকে জমা পড়া ১ হাজার ৮৯২টি সিনেমার মধ্য থেকে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১৫টি চলচ্চিত্র।
সমালোচক পুরস্কার পেল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’