কুড়িগ্রাম

নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের দাবির মুখে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা মাঠে মানববন্ধন শুরু হয়। পরে তা বিক্ষোভে রূপ নেয়। 

কর্মসূচিতে বক্তারা মাদ্রাসার ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মানবণ্টনসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে প্রকাশের দাবি তোলেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, এসব পদে নিয়োগকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এবং পরিচালনা কমিটি বিলুপ্ত বা পুনর্গঠনের দাবি জানান। পাশাপাশি বর্তমান কমিটির কোনো সদস্যকে ভবিষ্যতে কমিটিতে না রাখার দাবিও তোলা হয়।

কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নের বিভিন্ন দাবিও জানানো হয়। নিয়মিত পাঠদান ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করা, যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নফাঁস বা পরীক্ষার আগে প্রশ্নের বিষয়বস্তু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার মতো অনিয়ম বন্ধ এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য সহায়ক কর্মসূচি চালুর দাবি জানান বক্তারা। এ ছাড়া শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিও জানান তারা।

বিক্ষোভকারীরা দাবি করেন, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির ১৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে তিনজন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের হিসাবে পাসের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।

বিক্ষোভ চলাকালে নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ তুলে মাদ্রাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান বিক্ষোভকারীদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

তবে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। তিনি বলেন, কয়েক দিন আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে মাদ্রাসার পরিচালনা কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় বিক্ষোভকারীদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মাইদুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মো. দুলাল সরকার, প্রাক্তন ছাত্র সালমান ফারসিসহ স্থানীয়রা বক্তব্য দেন। এলাকাবাসীর পক্ষে কর্মসূচির আয়োজন করেন প্রাক্তন ছাত্র সালমান ফারসি।

এদিকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে মাদ্রাসায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আগামী ৫ অক্টোবর উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসার আশ্বাস দিয়েছেন।