দূরের শহর থেকে চিঠি আসে না
আর
দূরত্ব বাড়ছে নিবিড় ভালোবাসার
শরৎ বুড়িগঙ্গার ওপর লেখে
শেষ গোধূলির বিষণ্ণ কবিতা
বহুকাল নিদ্রিত জীবনানন্দ
মাঝরাতে বৃষ্টি তোমাকে বিব্রত করে
দহনের কী যে হাহাকার
তুমি মুখস্থ করছো নিঃসঙ্গতার
বিনিদ্র রাত্রির গল্প নির্জন ছায়ার
ঝরে পড়া স্নিগ্ধ জ্যোৎস্নার বকুল—
কোথাও থাকে না ভুল
নিবিড় ভালোবাসার
মুখর বন্ধনের স্বপ্নদিন পরস্পর
তবু কেন যে ভেঙে যায় প্রিয় সুন্দর!