ডেপুটি স্পিকারের পদক্ষেপে পুনরায় চালু জারিয়া লোকাল ট্রেন

ইঞ্জিন সংকটের কারণে বন্ধ থাকার পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক উদ্যোগে পুনরায় চালু হয়েছে জারিয়া লোকাল ট্রেন। রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি জারিয়া ঝানজাইলের উদ্দেশে ছেড়ে আসে।

এর আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটের একমাত্র লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়ার হাজারো যাত্রী। গত শনিবার (৩ অক্টোবর) বিষয়টি জানতে পেরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি ২৩০০ ও ২৪০০ সিরিজের ইঞ্জিন বা লোকোমোটিভ দিয়ে পরিচালিত হয়। ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা ৬টি ইঞ্জিনের মধ্য থেকে ডেপুটি স্পিকারের আহ্বানে দ্রুত একটি ইঞ্জিন ময়মনসিংহে পাঠানো হলে রুটটি সচল হয়। এতে স্থানীয় নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জারিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন জানান, গত সেপ্টেম্বর মাসে ট্রেনটি মাত্র ৮ দিন চলেছিল এবং ২৯ সেপ্টেম্বর দুটি ট্রিপের পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ২০ টাকায় জারিয়া থেকে ময়মনসিংহ যাওয়ার সুযোগ থাকায় এটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ৪টি ট্রিপ পরিচালনার কথা থাকলেও ইঞ্জিন সংকটে তা সংকুচিত করে কোনো দিন ২টি বা ১টি করা হয়েছিল।

এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার নতুন রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন ডেপুটি স্পিকার। সম্প্রতি তাঁর আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ও রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করেছেন। এ ছাড়া, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর লক্ষ্যে তিনি ডিও লেটার পাঠিয়েছেন, যা নিয়ে বর্তমানে কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে।