নেত্রকোনায় নানির বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নাতির মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় অসুস্থ নানিকে দেখতে এসে মহাদেব নদে পানিতে ডুবে নাহিদ ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামের নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম বৈদ্যগাঁও গ্রামের সাহিদ মিয়া ও জাহানারা বেগম দম্পতির কনিষ্ঠ ছেলে। সে ঢাকার উত্তর বাড্ডার একটি বেসরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ নানিকে দেখতে কয়েক দিন আগে বৈদ্যগাঁওয়ে নানির বাড়িতে আসে নাহিদ। রবিবার দুপুরে কয়েকজন সমবয়সীর সঙ্গে গ্রামের মহাদেব নদের পাড়ে খেলাধুলা করতে যায় সে। খেলা শেষে একা বাড়ি ফেরার সময় নদীর পাড় দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় নাহিদ। সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে।

পরে স্থানীয়রা পানিতে কিশোরটিকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।

নাহিদের চাচি সম্পা বেগম বলেন, ‘বাড়ির পাশে মহাদেব নদের পাড়ে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল নাহিদ। একপর্যায়ে সে খেলার সাথীদের বাড়ি ফিরে যেতে বলে একাই রওনা হয়। পরে তার খেলার সাথীরা ফেরার পথে পানিতে নাহিদকে ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করে।’

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত