৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত থাকবে

অনিয়ম, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে সরকারের জারি করা প্রজ্ঞাপন বহাল রয়েছে। প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আজ রবিবার (৪ অক্টোবর) স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গত ১৯ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে একটি রিক্রুটিং এজেন্সি গত ১৫ সেপ্টেম্বর রিট আবেদন করলে হাইকোর্ট প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ৩০ সেপ্টেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এরপর আরও ১১টি এজেন্সি রিট আবেদন করলে হাইকোর্ট থেকে একই ধরনের স্থগিতাদেশ পায়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন। অর্থাৎ, ১৯ জুলাই সরকারের জারি করা আদেশটি বহাল থাকল।

১৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে লাইসেন্স বাতিল হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং তা গৃহীত হয়েছে। এ কারণে অভিবাসন আইন অনুযায়ী এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

লাইসেন্স প্রত্যাহার হওয়া এজেন্সিগুলোর মধ্যে রয়েছে— অরবিটালস এন্টারপ্রাইজ, অরবিটাল ইন্টারন্যাশনাল, আহমেদ ইন্টারন্যাশনাল, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ফাইভ এম ইন্টারন্যাশনাল, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মেসার্স শাহীন ট্রাভেলস, আরভিং এন্টারপ্রাইজ, হৃদয় ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত ইন্টারন্যাশনাল, ৪ সাইট ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশগমন লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ।

এছাড়া আল খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, দামাস্ক করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস, বিএনএস ওভারসিজ লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালট্যান্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, ফিনিক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জেজি আল্লাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পিআর ওভারসিজ লিমিটেড, এমআইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এবং অনন্যা অপূর্ব রিক্রুটিং এজেন্সি।