গুগলের হাত ধরে মহাকাশে প্রথমবার এআই

মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ডেটা সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে গুগল। ‘প্রজেক্ট সানক্যাচার’ নামের এই উদ্যোগের প্রোটোটাইপ স্যাটেলাইটটি ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের ‘ট্রান্সপোর্টার-১৮’ রাইডশেয়ার মিশনের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। এর আগে মহাকাশে এআই চিপ ব্যবহারের নজির থাকলেও শক্তিশালী ডেটা সেন্টার-স্তরের এআই কম্পিউটিং প্রযুক্তি পরীক্ষার জন্য এটি প্রথম উদ্যোগগুলোর একটি। গুগলের পরিকল্পনা হলো, সূর্যের বিপুল শক্তি ব্যবহার করে কক্ষপথে এআই অবকাঠামো গড়ে তোলা।

প্রাথমিক মিশনে মহাকাশের চরম পরিবেশ, বিকিরণ ও শূন্য মাধ্যাকর্ষণের মতো পরিস্থিতিতে এআই হার্ডওয়্যার কীভাবে কাজ করে, তা পরীক্ষা করা হবে। একই সঙ্গে বাতাসের প্রবাহ না থাকায় চিপ অতিরিক্ত গরম হয়ে যায় কিনা, সেটিও পর্যবেক্ষণ করবেন প্রকৌশলীরা। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে মহাকাশে এআই কম্পিউটিংয়ের বড় পরিসরের অবকাঠামো গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে মহাকাশ বর্জ্য, সংঘর্ষ ও আলোক দূষণের ঝুঁকি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।