কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ায় হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল রবিবার সন্ধ্যায় তিনি কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। লালনের মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন তিনি। ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন সেই মুহূর্তে তার ওপর একজন ডিম ছুড়ে মারে এবং প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন তিনি।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার দাবি করে এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা। বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদির যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।’