ঢোল-বাদ্যের তালে তালে লোকজ সুর, আর সেই সুরে মিশে থাকা গ্রাম-বাংলার মানুষের জীবন-জীবিকার গল্প। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মাদারের গান। সিংড়া পৌরসভার সোহাগবাড়ি মহল্লায় রবিবার (৪ অক্টোবর) রাতে এ আয়োজনকে ঘিরে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ, বয়স্কসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করতে থাকেন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাদারের গানের আসর জমে ওঠে। অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। মাদারের গানে গ্রামীণ জনপদের মানুষের জীবন, হাসি-কান্না, সুখ-দুঃখ, প্রেম-বিরহ, সামাজিক নানা অসংগতি ও নৈতিকতার বিষয়গুলো লোকজ ভাষা ও সুরে তুলে ধরা হয়।
এআয়োজন দেখতে আসা সাইদুল ইসলাম ও সোহেল রানা বলেন, ‘ছোটবেলায় গ্রামের বিভিন্ন জায়গায় মাদারের গানসহ নানা ধরনের লোকজ অনুষ্ঠান দেখেছি। এখন এসব আয়োজন খুব একটা দেখা যায় না। আমাদের এ অঞ্চলে মাঝেমধ্যে দেখা যায় শুধু।’
দর্শনার্থী মো. রানা বলেন, ‘বর্তমানে মানুষ মোবাইল ফোন ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনে বেশি অভ্যস্ত। ফলে আমাদের গ্রামীণ সংস্কৃতির অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। একসময় বিভিন্ন এলাকায় এ ধরনের গান নিয়মিত হতো। এখন আয়োজন কমে যাওয়ায় অনেকেই এই সংস্কৃতি ভুলতে বসেছে। মাদারের মতো লোকজ গান নিয়মিত আয়োজন করা হলে নতুন প্রজন্ম আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’
আয়োজক মো. নয়ন আলী বলেন, গ্রাম-বাংলার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে ধরে রাখতেই এই আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্মের কাছে মাদারের গানসহ আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।