সিংড়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধান

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। বৃষ্টির পানিতে জমিতে কেটে রাখা ধান তলিয়ে যাওয়ায় পাকা ধান ঘরে তুলতে পারছেন না তারা। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে স্থানীয় কৃষকদের।

সরেজমিন দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে রয়েছে। ফলে সময়মতো ধান ঘরে তুলতে না পেরে দুর্ভোগে পড়েছেন কৃষকেরা।

উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, জমির ধান পেকে যাওয়ায় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা দেখে দ্রুত ধান কাটার উদ্যোগ নেন তিনি। শ্রমিকদের বেশি টাকা দিয়েও ধান কাটাচ্ছিলেন। তার মোট ১০ বিঘা জমির মধ্যে চার বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ছয় বিঘার ধান হঠাৎ বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে।

ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, জমির ধান পেকে গেলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধান কাটা শুরু করতে পারছেন না তারা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকেরা দুর্ভোগে পড়েছেন। তবে আগামী এক দুই দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। এতে কৃষকদের তেমন ক্ষতি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত