দল বদল করতেই কটাক্ষের বন্যায় কোয়েল

পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন টলিউড অভিনেত্রী  কোয়েল তথা রুক্মিণী মল্লিক। আজ সোমবার (৫ অক্টোবর)  সকালেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন ‘টলি কুইন’। নিজের ছেড়ে দেওয়া আসনেই প্রার্থী হলেন অভিনেত্রী, শুধু বদলে গেল ফুল। রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও, খুব অল্প সময়ের মধ্যেই কোয়েল দল বদলে বিজেপিতে যোগ দিয়ে খবরের শিরোনাম দখল করে নিয়েছেন। রাজ্য বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছবি পোস্ট করতেই, ইন্ডাস্ট্রির নায়িকার দিকে ধেয়ে এল একের পর এক কটাক্ষ-ট্রোল। 

হালকা পিচ রঙের শাড়ি, সঙ্গে একেবারে হালকা মেকআপ, খোলা চুল ও কপালে ছোট্ট টিপ, ছিমছামভাবেই এদিন বিজেপি দপ্তরে আসেন কোয়েল। তাকে উত্তরীয় পরিয়ে হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়। এই ছবি পোস্ট করতেই কোয়েলের দিকে একের পর এক ট্রোল-কটাক্ষ আসতে শুরু করে। কেউ লিখেছেন, এত মানুষ থাকতে যোগ্য ও ত্যাগী কর্মীদের মধ্যে থেকেই কি কাউকে বেছে নেওয়া যেত না? আবার কেউ লিখেছেন, রাতারাতি জোড়া ফুল হয়ে গেল পদ্ম ফুল আর সাধারণ মানুষ হয়ে গেল এপ্রিল ফুল! কেউ আবার তৃণমূলকে টেনে লেখেন, তৃণমূলে তে তো কিছু করতে পারলো না; তাই এবার বিজেপিতে এলো কিছু করার জন্য যদি কিছু করা যায়। কেউ বলেছেন, ছিল রুমাল হয়ে গেল বিড়াল। আবার কেউ লিখলেন, ভালো, তৃণমূল হয়ে গেল বিজেপি। কেউ কেউ লিখেছেন, কোয়েল পাখি এবার বিজেপির ডালে।