বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৫২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৯ সেপ্টেম্বর একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বগুড়া জেলা কারাগারে আসেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেল সুপার আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আব্দুল মালেক জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল মালেক। কারা কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান জানান, আব্দুল মালেক মাদক মামলার একজন বিচারাধীন আসামি ছিলেন। দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, সুরতাহাল প্রতিবেদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে লিখিত আবেদন করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা পূরণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।