বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘আফিফ চিপস’ নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ায় কারখানাটিতে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চিপস উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির জন্য সংরক্ষণ করা হয়। চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও অতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার এবং গুণগত মান যাচাই ছাড়াই নিম্নমানের রং ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এ ছাড়া খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি ধরা পড়ে।
এসব অনিয়মের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রায় তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয়। একই সঙ্গে ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে এ বিষয়ে উপযুক্ত প্রমাণ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে বগুড়া সদর দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় র্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
সার মজুদ, জামায়াত নেতাকে জরিমানা