বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকবাহী চান্দের গাড়িটি টেন্ডুমুখের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিজিবি সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে দুইজনকে মৃত এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন মো. জসিম ও মো. জিয়াবুল। স্বজনেরা জানিয়েছেন, তাদের বাড়ি কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।
দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন মো. রাশেল, মো. লিটন শিকদার, কাদের হোসেন ও শাহজালাল। তবে দেওয়া তথ্যে আহতদের পাঁচজনের মধ্যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা কলা ব্যবসায়ী মো. বেলাল জানান, দুর্ঘটনার পর রাত পর্যন্ত নিহত দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, পাঁচজনকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত দুইজনের মরদেহ থানচি থানায় আনা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, তিন্দু এলাকা দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। সোমবার বিকেলে আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকায় তিন্দু যাওয়ার পথে একদল পর্যটক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।