টিআইবির বিবৃতির প্রতিবাদ জানাল জামায়াত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেওয়া বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি টিআইবির বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে স্পষ্ট। এরপরও দায়িত্বশীল সংস্থা হিসেবে টিআইবি তাদের বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়েছে। তাঁর দাবি, ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা না থাকলেও দলটিকে জড়িয়ে এ ধরনের বিবৃতি দেওয়া অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুরভিসন্ধিমূলক।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার পক্ষে দলটি। কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, সত্য প্রকাশে প্রতিবন্ধকতা কিংবা হুমকি দেওয়াকে জামায়াত সমর্থন করে না বলেও দাবি করেন তিনি।

টিআইবিকে ভবিষ্যতে জামায়াতকে নিয়ে ‘মনগড়া ও তথ্যনির্ভর’ বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াত নাগরিকদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে কোনো ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা জুলাই-পরবর্তী বাংলাদেশে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাতে রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এবং মামলা করারও উদ্যোগ নিয়েছে।