দিনাজপুরের পার্বতীপুরে চার মাস বয়সী এক শিশুকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার মামা জিয়ারুল ইসলামের (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে দিনাজপুর সদর থানা ও পার্বতীপুর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস বয়সী মাহিন ইসলাম আনাসের মূল খাবার এখনো মায়ের দুধ। গত রবিবার (৪ অক্টোবর) রাতে মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে নানির বাড়ি থেকে শিশুটিকে চুরি করা হয় বলে অভিযোগ। শিশুটির বাবা আল আমিন এবং মা মনিরা বেগম।
অভিযোগ রয়েছে, শিশুটির মামা জিয়ারুল ইসলাম তাকে দিনাজপুরে নিয়ে গিয়ে সদর কোতোয়ালি থানার নিউ টাউনের মনির হোসেনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জিয়ারুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক পিন্টু কুমার দাস জানান, শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজার পর পরিবারের পক্ষ থেকে ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশের দাবি, শিশুটিকে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। এর পেছনে শিশু পাচারকারী চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, দিনাজপুর সদর থানা ও পার্বতীপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জিয়ারুল ইসলামকে আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় সোমবার দুপুরে শিশুটির বাবা পার্বতীপুর মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী শিশু চুরি ও পাচারের অভিযোগে মামলা করেন। মামলায় জিয়ারুল ইসলাম ও মিলনসহ আরও ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ৬।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ বলেন, পুলিশের একটি দল ও স্থানীয়দের সহযোগিতায় গভীর রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশু চুরি ও পাচারের অভিযোগে জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার বিকেলে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।