মানবতাবিরোধী অপরাধ

ইনুর মৃত্যুদন্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় ১০ বছর কারাদন্ডাদেশপ্রাপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদন্ডের আর্জি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তিন মাস আগে ট্রাইব্যুনাল-২ এর দেওয়া এ সাজার বিরুদ্ধে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন প্রসিকিউশনের আইনজীবীরা। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম গতকাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গত ৩০ জুন ইনুকে তিন অভিযোগে পৃথকভাবে ১০ বছর করে ৩০ বছর কারাদন্ডাদেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আরোপিত সব সাজা যুগপৎ চলবে অর্থাৎ ইনুকে ১০ বছর কারাবাস করতে হবে। সাজার পাশাপাশি দুই পৃথক অভিযোগে তাকে ১ লাখ করে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় রায়ে। এ মামলায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিন অভিযোগে তার সাজা হলেও পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেয় ট্রাইব্যুনাল। গত ২০ সেপ্টেম্বর ইনুর মামলায় ৫০০ পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার কথা জানান প্রসিকিউটররা।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করা হয়। গত বছরের ২ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এরপর ৩০ নভেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচারকালে ইনুর বিরুদ্ধে ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। আর ইনুর পক্ষে সাফাই সাক্ষ্য হয় ২ জনের।