তথ্যমন্ত্রীর উদ্যোগ

ভোলায় ফ্রি চিকিৎসা সেবা পেলেন ২০ হাজার মানুষ

অর্থের অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শবঞ্চিত দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভোলায় এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থর বিশেষ উদ্যোগে ভোলার ১৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মোট চার ধাপে আয়োজিত এ সব ক্যাম্পের মাধ্যমে প্রায় ২০ হাজার প্রান্তিক মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর শুরু হয়ে এ মানবিক কার্যক্রমটি শেষ হয় ৩ অক্টোবর। ক্যাম্পগুলোতে মেডিসিন, গাইনি ও শিশু রোগবিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি ইউনিয়ন পর্যায়ে উপস্থিত হয়ে রোগীদের নিবিড় চিকিৎসাসেবা দেন।

ক্যাম্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সবার জন্য সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্দালিভ রহমান পার্থ নিজ অর্থায়নে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেন। প্রত্যন্ত এলাকার নিম্নআয়ের মানুষ যাতে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ইউনিয়ন পর্যায়ে এ আয়োজন করা হয়। চার ধাপে ভোলা সদর উপজেলার ইলিশা, রাজাপুর, পশ্চিম ইলিশা, বাপ্তা, কাচিয়া, ধনিয়া, শিবপুর, আলীনগর, দক্ষিণ দিঘলদী, উত্তর দিঘলদী, চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৩ অক্টোবর চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে চিকিৎসাসেবা দেওয়ার মধ্য দিয়ে ক্যাম্পের কার্যক্রম শেষ হয়।

চরসামাইয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত ক্যাম্পে চিকিৎসা নিতে আসা গৃহবধূ ইয়াছনুর বেগম বলেন, তার স্বামী দিনমজুর। একদিন কাজ না করলে সংসারে চুলা জ্বালানো কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও অর্থের অভাবে ভোলা কিংবা বরিশালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেননি। বাড়ির কাছে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ এবং বিনামূল্যে ওষুধ পাওয়ায় তিনি উপকৃত হয়েছেন। ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী বলেন, প্রত্যন্ত গ্রামের অনেক মা-বোন অর্থকষ্টের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের যথাযথ চিকিৎসা নিতে পারেন না। তাদের কষ্ট লাঘব করতেই বিজেপির চেয়ারম্যান ও তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এ উদ্যোগ নিয়েছেন।

জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন, প্রায় ২০ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও ক্যাম্পগুলোতে এর চেয়েও বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতির বাইরে গিয়েও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও ভোলা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজনের ব্যবস্থা করা হবে।