বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলেই কঠোর শাস্তি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরের ভেতরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বিমানমন্ত্রী বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। ‘বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দীর্ঘ দিনের অবস্থার উন্নতির জন্য চেষ্টা চালানো হচ্ছে।’ মন্ত্রী আরও বলেন, ‘পরিস্থিতির উন্নতি করার জন্য সরকার বদ্ধপরিকর। যে করেই হোক এগুলো নিরসনের জন্য সরকারকে সময় দিতে হবে। যেহেতু দীর্ঘ দিন এই প্রবণতা চলে আসছিল। আমাদের যারা কাজ করেন তারা অলস হয়ে গিয়েছিলেন। অনেকে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা কাজ করতে পারেন না।’

লাগেজ কাটার অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘এখন মনে হয় এটা হচ্ছে না। অতীতে দুই- একটি ঘটনা যদি ঘটে থাকে, সেগুলো অ্যাড্রেস করব।’ বিমানবন্দরের স্বর্ণ পাচার হচ্ছে এবং বিমানের কর্মচারীরা আটক হচ্ছে বিষয়টি নজরে আনা হলে তিনি বলেন, ‘এটা গুড নিউজ যে, আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচার হতো। স্বর্ণ পাচারকারীরা অনায়াসে স্বর্ণ নিয়ে বের হয়ে যেত। এখন যারা স্বর্ণ পাচার করছে, তাদের না ধরা দিয়ে উপায় নেই। আমরা এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদের ধরছি এবং আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

বিমানবন্দর নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। অনেকে পুরনো ছবি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। এসব রোধ করতে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত