বিমানে বড় রদবদল

নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেকে (পি-৩৬৫২১) মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে। গতকাল সোমবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়াতে ১০ জন জ্যেষ্ঠ ও উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। 

নতুন দায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে শাহনুর আহমেদ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করতে চাই।’

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালকের (প্রশাসন ও মানবসম্পদ) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্সোনেল বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।