তেঁতুলিয়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের সময় চার তরুণকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ অক্টোবর ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় তাদের আটক করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত ক্যাম্পের টহল দল।

এসময়  বিজিবির ধাওয়া খেয়ে আরও তিন তরুণ পালিয়ে গেছে। পরে সকালে আটককৃত চরজনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায় শারিয়ালজোত ক্যাম্পের বিজিবি। এঘটনায় বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা করা হচ্ছে বলে জানা গেছে। 

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে  মো. হাফিজুল ইসলাম (২১), জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার বড় ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও তার ছোট ছেলে মো. রাহান (১৩) এবং কুমিল্লা জেলার নাসির নগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহল দল সীমান্তে টহল দিচ্ছিলেন। এসময় শারিয়ালজোত ফরেষ্টের ভিতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০ এর ২৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশী তরুণ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশর চেষ্টা করে। 

এসময় ১৮ বিজিবির শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে টহল দল টের পেয়ে তাদের ধাওয়া করেন৷ এসময় তারা পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তবে অন্য তিনজন পালিয়ে গেছেন। তারা কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।   

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করেন। আমরা চারজনকে আটক করতে সক্ষম হই৷ তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।  তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি সদা তৎপর রয়েছে। আমাদের টহল দল ২৪ ঘন্টা সীমান্তে কাজ করে যাচ্ছে।