কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলার সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তার বাসভবন কাজীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি)একটি দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১) পঞ্চগড় জেলায় অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড়; সদর থানা, আটোয়ারী থানা এবং তেতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। উক্ত দলসহ কুইক রেসপন্স টিম পঞ্চগড় জেলার আটোয়ারী, তেতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করে। এই অভিযানে পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা (নং-১২) তদন্তাধীন।
পুলিশ সুপার মো. আবু সায়েম জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।