‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় দুই পুলিশসহ ৩ জনের ৪ দিনের রিমান্ড

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গাজীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -৪ এর বিচারক জুবায়ের রশিদ ওই রায় দিয়েছেন। 

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন ও রাজার বোন তাসলিমা।

এর আগে গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল মো. সাকিব , কনস্টেবল শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছে৷