চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিএম ডিপু এলাকায় এ ঘটনায় ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড থানাধীন বিএম ডিপু এলাকায় রেললাইনের পাশে ট্রেন থেকে পড়ে কিশোরটি আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ড এলাকায় রেললাইনের পাশে ট্রেন থেকে পড়ে যাওয়া এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত কিশোরের নাম-পরিচয় ও বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কিশোরটিকে হাসপাতালে আনা রাকিব বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ছেলেটিকে রেললাইনে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে জানাই। পুলিশ আমাদের ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে বললে আমরা তা করি। পরে ফায়ার সার্ভিসসহ আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কোন ট্রেন থেকে এবং কিভাবে সে পড়েছে তা আমরা জানি না।