নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের পাঁচ দিন পর নির্মাণাধীন একটি ঘর থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শফিকুল ইসলাম বনপাড়া পৌরসভার কালিকাপুর আদর্শ গ্রামের মৃত শহিদুল ইসলাম শহীদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন শফিকুল। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এভাবে পাঁচ দিন ধরে তার খোঁজ চলছিল।
মঙ্গলবার সকালে একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী সেখানে গিয়ে ঘরের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত শফিকুল ইসলাম একজন মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন।