রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মন (২৬) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
দোকান মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনে ভবনটির নিচতলায় ফ্রিজ, এসি মেরামতের দোকান। কয়েকজন কর্মচারী মিলে ওই ভবনের ২য় তলায় থাকে। জীবন কয়েক দিন আগে দোকানে কাজ নেয়। আজ সকালে জীবন একাই দোকানে ছিল। হঠাৎ কম্প্রেসার থেকে বিস্ফোরণে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
হাসপাতালে মৃত জীবনের চাচাতো ভাই অনিক বর্মন জানান, তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামে। তার বাবার নাম সচিন্দ্র বর্মন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।