বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা ভালো হয়নি গতবারের বসুন্ধরা কিংসের। প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করে তারা। তবে ফেডারেশন কাপে দারুণ জয় দিয়ে শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়েছে কিংস। একই দিনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান।
দুই ম্যাচেই দলে ফেরা দুই তারকা সুলেমান দিয়াবাতে ও রবসন রবিনহো প্রথম গোল করেছেন। আবাহনীকে দুবছর খেলা সুলেমান দিয়াবাতে পুরনো ক্লাবে ফিরে গোল করে মোহামেডানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও তিনি ৩৮ মিনিটে পেনাল্টি মিস করেন। এর আগে ১৬ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল আরামবাগ। এরপর ৫৭ ও ৭৪ মিনিটে সৌরভ দেওয়ান ও সোহেল রানার গোলে এগিয়ে যায় মোহামেডান। ইনজুরি টাইমে দিয়াবাতে দলের জয় নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে কিংস। বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরি—সব ক্ষেত্রেই ছিল তাদের আধিপত্য। প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ করেছে তারা। পুরো ৯০ মিনিটে ওয়ান্ডারার্সের গোলমুখে ১৬টি শট নিয়েছে কিংস, যার সাতটি ছিল লক্ষ্যে। ওয়ান্ডারার্সের গোলরক্ষক দুটি শট ঠেকাতে পারলেও বাকি পাঁচটি থেকে গোল আদায় করে নেয় কিংস।
প্রথম গোলটি করেন কলকাতার ইস্টবেঙ্গলে কয়েক মৌসুম কাটিয়ে বসুন্ধরায় ফিরে প্রথম ম্যাচ খেলতে নামা ব্রাজিলিয়ান রবসন রবিনহো। এরপর দলের হয়ে জোড়া গোল করেছেন মিডফিল্ডার সাব্বির হোসেন। অন্য দুই গোল করেছেন আলমগীর মোল্লা ও মোহাম্মদ আবদুল্লাহ।
আজকের তিনটি ম্যাচই ছিল বি গ্রুপের। তিনটি করে পয়েন্ট পেলো কিংস ও মোহামেডান। পুলিশ ও সিটির পয়েন্ট এক।