বানান ভুল নিয়ে ক্ষুব্ধ মেঘনা মুক্তা

এক মাসের বেশি সময় হাসপাতালের আইসিইউ ও কেবিনে কাটানোর পরও ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে কাঙ্ক্ষিত আইনি ব্যবস্থা না হওয়ায় এবার নিজেই রাস্তায় নেমেছেন মডেল-অভিনেত্রী মেঘনা মুক্তা। ন্যায়বিচারের দাবিতে বনানী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে নিজের ক্ষোভ ও অসহায়ত্বের কথা তুলে ধরেছেন তিনি। তবে তার প্রতিবাদের মূল দাবি নিয়ে আলোচনা না করে ব্যানারের বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হওয়ায় ক্ষুব্ধ মেঘলা। গত ২৮ জুলাই রাতে রাজধানীর বনানী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি মেঘলা মুক্তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারী ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার মুখ ও মাথায় মারাত্মক আঘাত লাগে।

ঘটনার পর মেঘলার বন্ধু ও সহশিল্পী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ বাদী হয়ে বনানী থানায় একটি অভিযোগ করেন। পরে দীর্ঘ চিকিৎসা নিতে হয় মেঘলাকে। প্রায় এক মাস আইসিইউ ও কেবিনে চিকিৎসাধীন থাকার পর মুখে একাধিক অস্ত্রোপচার করা হয় তার। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সম্প্রতি হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। তবে দুর্ঘটনার পর পুলিশের কার্যকর তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে গত ১ সেপ্টেম্বর মেঘলার বাবা বাদী হয়ে বনানী থানায় নতুন করে মামলা করেন। 

এরপর ৩ সেপ্টেম্বর রাতে পুলিশ গাড়ি ও চালককে আটকের বিষয়টি মেঘলার পরিবারকে জানায়। কিন্তু আটকের পরদিনই, সকালে গাড়িটি দ্রুত আদালতে চালান করে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। এ অবস্থায় ঘাতক গাড়ির মালিক ও চালকের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৪ অক্টোবর দুপুর ১২টায় বনানী থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন মেঘলা। পরে সেখানে অবস্থান নিয়ে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। অবস্থান কর্মসূচির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের প্রতিবাদ নিয়ে কথা বলেন মেঘলা। সেখানে তিনি লেখেন, ‘সামনে থেকে কেউ এসে পাশে দাঁড়াতে পারেননি। অন্তত ফেসবুকে আমার লেখা, আমার পোস্টগুলো শেয়ার করেও পাশে দাঁড়াতে পারেননি। অথচ আমি যখন এক রাতের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বনানী থানার সামনে অবস্থান করার সিদ্ধান্ত নিলাম, তখন আমার হাতে কোনো সময় ছিল না। ব্যানার বানানোর সময় পর্যন্ত পাইনি। একজন ছোট ভাই দৌড়ে এসে নিজের মতো করে একটা ব্যানার বানিয়ে আমার হাতে দিয়েছে। আমি বরং তার প্রতি কৃতজ্ঞ, অন্তত সে সেই মুহূর্তে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।’

এরপর ব্যানারের বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আর আপনারা কী নিয়ে ব্যস্ত? ব্যানারে একটা বানান ভুল হয়েছে সড়ক বানান ভুল, র এর জায়গায় ড় হবে এসব ধরতে ব্যস্ত! যেন এটা একটা অনেক বড় সমস্যা আমাকে জেলে দেন দয়া করে থানায় অভিযোগ করেন। আমার প্রশ্ন, প্রতিবাদের মূল কথাটা কি আপনাদের চোখে পড়ে না? একজন মানুষ ন্যায়বিচারের জন্য রাস্তায় দাঁড়িয়েছে, তার কষ্ট, তার প্রশ্ন, তার দাবি এসব বাদ দিয়ে আপনারা বানান ভুল খুঁজছেন।’