‘ফিরে আসার গল্প’তে শিমুর জায়গায় দীপা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রচারিত হবে ধারাবাহিকটি। এর মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পাশাপাশি তারকাবহুল এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তনের কথা ছিল সুমাইয়া শিমুরও। একদিন শুটিংয়েও অংশ নেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পেলেও শেষ সময়ে খবর আসে নাটকটিতে শিমু আর কাজ করতে পারেননি।  তার পরিবর্তে রুকাইয়া চরিত্রটিতে অভিনয় করছেন দীপা খন্দকার। 

হঠাৎ শিমুর বদলে দীপাকে নেয়ার কারণ হিসেবে জানা গেছে, প্রথমদিন শুটিংয়ের পর চোখের কর্ণিয়ায় আঘাত পান শিমু। এরপর ব্যথা এতটাই বেড়ে যায় যে শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। শিমুর শারীরিক অবস্থার কথা জানতে পেরে তার সঙ্গে আলোচনা করেই কাস্টিংয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নেন পরিচালক মোস্তফা কামাল রাজ। সুমাইয়ার পরিবর্তে রুকাইয়া চরিত্রে দীপা খন্দকারকে নেওয়া হয়। এর আগে থেকেই ধারাবাহিকটির সঙ্গে যুক্ত ছিলেন দীপা। তার অভিনয় করার কথা ছিল মরিয়ম চরিত্রে। পরে সেই চরিত্রে যুক্ত হয়েছেন রোজী সিদ্দিকী।

সর্বশেষ সর্বাধিক পঠিত