আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মঙ্গলবার রাতে বেনিনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) শুরু হবে ম্যাচটি। আকাশী-সাদা জার্সিতে এটিই হতে যাচ্ছে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। অধিনায়কের বিদায়ী এই লড়াই স্মরণীয় করে রাখতে ২০১৮ সাল থেকে তাঁর পাশে থাকা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মূল একাদশকেই মাঠে নামাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
শেষ অনুশীলনের আগে পাওয়া সংকেত অনুযায়ী, স্কালোনির শুরুর একাদশে থাকবেন বিশ্বকাপজয়ী একাধিক তারকা। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। সেন্ট্রাল ডিফেন্সে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গী হচ্ছেন লিসান্দ্রো মার্তিনেচজ।
ডান-ব্যাকে কার্ড নিষেধাজ্ঞার কারণে নাহুয়েল মোলিনা এবং দলে জায়গা না পাওয়া গনসালো মনতিয়েলের অনুপস্থিতিতে শুরুর সুযোগ পাচ্ছেন তরুণ অগাস্টিন হিয়াই। বাঁ-ব্যাকে ইনজুরি কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো ফিরতে না পারলে বুর্কিনা ফাসোর বিপক্ষে খেলা ফাকুন্দো মেদিনাই থাকবেন দায়িত্বে।
মিডফিল্ডে থাকছে বিশেষ এক প্রত্যাবর্তন। আগের ম্যাচগুলোতে দলে না থাকা রদ্রিগো ডি পল ফিরছেন শুরুর একাদশে, যাতে জাতীয় দলের হয়ে মেসির সঙ্গে শেষবারের মতো মাঝমাঠ ভাগাভাগি করে নিতে পারেন। মিডফিল্ডে তাঁর সঙ্গে থাকছেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার।
আক্রমণভাগে থাকবে অধিনায়ক মেসির সঙ্গে দুই তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের দারুণ এক ত্রয়ী।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; অগাস্টিন হিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
কোচ: লিওনেল স্কালোনি।