এআই প্রশিক্ষণে ব্যবহারকারীদের ভয়েস চায় অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে মানুষের কথাবার্তা আরও ভালোভাবে বুঝতে ও যথাযথভাবে সাড়া দেওয়ার উপযোগী করে তুলতে ব্যবহারকারীদের ভয়েস ডেটা শেয়ার করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। কোম্পানির এআই চ্যাটবট ক্লডের ভয়েস ফিচার ব্যবহারের সময় সম্প্রতি এ সংক্রান্ত একটি নতুন অনুমতির বার্তা দেখা যাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিংকম্পিউটারের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীর অনুমতি পাওয়া ভয়েস রেকর্ডিং ও ভয়েস চ্যাটের তথ্য এআই মডেলের প্রশিক্ষণ ও উন্নয়নে ব্যবহার করতে চায় অ্যানথ্রপিক। তবে এ প্রক্রিয়াটি সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারীরা চাইলে ‘অ্যালাও’ অথবা ‘নট নাও’ নির্বাচন করতে পারবেন।

এ ছাড়া ক্লডের প্রাইভেসি সেটিংসে ভয়েস ডেটা নিয়ন্ত্রণের জন্য আলাদা টগল যুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটিংটি ডিফল্টভাবে বন্ধ থাকে। ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া ভয়েস ডেটা প্রশিক্ষণে ব্যবহারের কথা নয়।

ব্যবহারকারীরা চাইলে পরবর্তী সময়ে এই অনুমতি বাতিল করতে পারবেন। এমনকি আগে শেয়ার করা ভয়েস ডেটাও সেটিংস থেকে মুছে ফেলার সুযোগ রয়েছে। অ্যানথ্রপিকের এই উদ্যোগে ব্যবহারকারীরা টেক্সট, কোডিং ও ভয়েস ডেটা ব্যবহারের অনুমতি আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে এআই উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণও বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।