রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আরিফ হোসেন (২৬) নামের ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। এ সময় মনির হোসেন (৪৪) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কড়াইলের ২০ নম্বর ওয়ার্ডের আরিফ জেনারেল স্টোর নামের একটি মুদি দোকানে তল্লাশি চালানো হয়। দোকানটি থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা, মাদক বিক্রির অর্থ হিসেবে ১ লাখ ৯০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও দুটি ভাঙা তালা উদ্ধার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সংস্থাটির মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।
ডিএনসি জানায়, পলাতক মনির হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তির বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত এবং বিভিন্ন স্থান থেকে মদ সংগ্রহ করে বাসাবাড়িতে সরবরাহ করতেন। এছাড়া ভারতীয় মদ চোরাচালানের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আরিফ হোসেন ও পলাতক মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।