গর্ব হচ্ছে আমি ডক্টর: মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আগে ক্যারিয়ারে এক অনন্য ও বিরল সম্মাননা যোগ করলেন বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। দেশ ও ক্রীড়াজগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় মেসিকে তাদের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সম্মাননা ‘অনারারি ডক্টরেট’ (সম্মানসূচক ডক্টরেট) ডিগ্রি প্রদান করেছে।

মন্টেভিডিও বা বুয়েনস আইরেসের ঐতিহাসিক 'মনুমেন্তাল' স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আগেই বিশ্বজয়ী এই অধিনায়কের হাতে পদক ও সনদ তুলে দেন বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্ডো গেলপি

এই সর্বোচ্চ সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোসারিওতে জন্ম নেওয়া মেসি বলেন,

"আমি কখনো ভাবিনি এমন কিছু পাবো। এটি ফুটবলের সঙ্গে বা খেলাধুলায় আমার অর্জনের সঙ্গে সরাসরি সম্পর্কিত হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এমন এক স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়; এখন বলতে পেরে সত্যি গর্ব হচ্ছে যে—আমি একজন সম্মানসূচক ডক্টর।"

বেনিনের বিরুদ্ধে বিদায়ী ম্যাচের আগের অনুভূতি জানিয়ে মেসি আরও যোগ করেন, 'আমি শান্ত আছি, তবে ম্যাচের সময় যতই ঘনিয়ে আসছে, বিষয়টি একটু জটিল  হয়ে উঠছে। তাই এই ধরনের একটি বিশেষ স্বীকৃতি দিয়ে বিদায়ী মুহূর্তের সূচনা হওয়া ঘটনাটিকে আরও বেশি স্পেশাল করে তুলেছে।'

শুধু রেকর্ড নয়, ব্যক্তিত্বের স্বীকৃতি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই সম্মাননা কেবল মেসির ফুটবল রেকর্ড বা পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্ডো গেলপি জানান, মেসির মানবিক গুণাবলী, অধ্যবসায় এবং জাতীয় সংস্কৃতি ও পরিচয়ের প্রতিনিধি হিসেবে তার যে ভূমিকা, তা তুলে ধরাই এই সম্মাননার মূল উদ্দেশ্য।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন,"এই সম্মানসূচক ডক্টরেট এমন এক স্বীকৃতি যা তার ফুটবল ক্যারিয়ারের সীমানা ছাড়িয়ে গেছে।"

তিনি আলবিসেলেস্টে (আর্জেন্টাইন) নীল-সাদা জার্সিতে দেশকে যেভাবে বিশ্বমঞ্চে বিশ্বস্ততার সাথে প্রতিনিধিত্ব করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন।