ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, রাশিয়া প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে।
টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। তাঁর দাবি, রাশিয়া ‘ব্যাপক ক্ষতি ও আতঙ্ক সৃষ্টি’ করতেই পরিকল্পিতভাবে এসব স্থাপনায় হামলা চালিয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনো ইউক্রেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়া অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।