পায়রা বন্দরে চীনা জাহাজ, টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক ৫ ইকুইপমেন্ট

দীর্ঘ প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ সরাসরি ভিড়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জাহাজটি নোঙর করে।

চীনা এই জাহাজে করে ৮০ টন ধারণক্ষমতার দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন ও একটি মোবাইল হারবার ক্রেন এবং ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন আনা হয়েছে। এতে করে বন্দরের কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত ও আধুনিক করতে সহায়তা করবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন এসব আধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ার ফলে পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা ও গতি বহুগুণ বাড়বে। রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকটের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ড্রেজিংসহ বন্দরটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটালাইজড করার নানা উদ্যোগ চলমান রয়েছে।

১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে যাত্রা শুরু বুধবার পায়রা বন্দরের এসে পৌঁছায়।

এবিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জানান, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা ধরে রাখতে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রা বন্দরকে আধুনিক ও ডিজিটালাইজড বন্দর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম সংযোজনও সেই কার্যক্রমের অংশ।

তবে নিয়মিত নাব্যতা রক্ষা, বড় জাহাজের নির্বিঘ্ন প্রবেশ, পর্যাপ্ত বিদেশি জাহাজ আকর্ষণ, আমদানি-রপ্তানি বাড়ানো এবং আঞ্চলিক শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও কার্যকর অগ্রগতি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।