বলিউড সুপারস্টার সালমান খানের নামে এবার নির্মিত হচ্ছে টাওয়ার। ভারতের চণ্ডীগড়ে বহুতল এই প্রকল্পের সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘দ্য সালমান টাওয়ার্স’। বিষয়টি নিয়ে নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বলিউডে। প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুম্বাইয়ের এক অনুষ্ঠানে। সেখানে সালমান খানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা গেছে, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে। নামগুলো হলো- ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ ও ‘সালমান খান টাওয়ার্স’। এর মধ্যে শেষ পর্যন্ত ‘দ্য সালমান টাওয়ার্স’ নামটি বেছে নেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এখনো কোনো নামই চূড়ান্ত করা হয়নি। প্রয়োজনে সম্পূর্ণ ভিন্ন কোনো নামও রাখা হতে পারে।
শুধু একটি বহুতল ভবনেই সীমাবদ্ধ থাকবে না প্রকল্পটি। আকারে এটি আরও বড় হতে পারে বলে জানা গেছে। আধুনিক নানা সুযোগ-সুবিধা থাকবে এই আবাসন প্রকল্পে। এর সঙ্গে যুক্ত রয়েছে দুটি আবাসন সংস্থা। একটি স্থানীয় এবং অন্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার মুম্বাইয়ের অনুষ্ঠানে প্রকল্পটির চূড়ান্ত নাম, নকশা ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে। সেখানে সালমান খানের উপস্থিতি এই ঘোষণাকে আরও আলোচনায় আনবে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন সালমান খান। ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সিই খান পরিবারের ঠিকানা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে সালমানের জীবন ও ক্যারিয়ার। তবে সম্প্রতি সালমানের পরিবারের নতুন আবাসন নিয়েও খবর সামনে এসেছে। বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করা একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছে খান পরিবার। ওই সম্পত্তি সালমানের মা সালমা খানের নামে রয়েছে। নতুন ভবন তৈরি হওয়ার পর সালমান ও তার পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে চলে যাবেন কি না, সে বিষয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।