বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফিলিপ অং সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার বিষয়ে গুরুত্ব দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

বৈঠকে সিঙ্গাপুরের ‘ট্রেডট্রাস্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনার আলোকে এ কার্যক্রমে দেশের ব্যাংকগুলোর আগ্রহ এবং ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের অংশগ্রহণের প্রশংসা করেন সিঙ্গাপুরের প্রতিনিধিরা।

বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর আরও এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সাক্ষাতে সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ওয়াং চু সিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের বেনজামিন চুসহ একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।