মিরসরাইয়ে প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ও গাঁজা ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বারইয়ারহাট পৌরসভার রূপনগর পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-খ-১২-৫৫০১ নম্বরের একটি প্রাইভেটকার ফেনী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিকে থামানোর চেষ্টা করে পুলিশ। এ সময় চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু নেয়।

একপর্যায়ে বারইয়ারহাট পৌরসভার রূপনগর পেট্রোল পাম্পের সামনে গাড়িটি রেখে চালকসহ মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

অভিযানে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে উপপরিদর্শক মতিউর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাড়ি ও গাঁজা ফেলে পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকার জব্দ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।