চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগও করেছেন ভুক্তভোগী প্রবাসফেরত স্বামী বিকাশ চৌধুরী।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি।
লিখিত বক্তব্যে বিকাশ চৌধুরী জানান, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার প্রমা চৌধুরীর সঙ্গে ধর্মীয় রীতি অনুযায়ী তার বিয়ে হয়। প্রায় সাড়ে তিন বছর পর তিনি জানতে পারেন, প্রতিবেশী অশোক দাশের (৩৫) সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে।
বিকাশের দাবি, বিষয়টি জানার পর পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রায় ছয় মাস আগে স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠানো হয়। এ সময় প্রমা এক ভরি এক আনা স্বর্ণ সঙ্গে নিয়ে যান। বাবার বাড়িতে যাওয়ার পর থেকে তিনি স্বামী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করেন বিকাশ।
বিকাশ চৌধুরী আরও অভিযোগ করেন, পরকীয়ার ঘটনায় শুধু তার সংসারেই অশান্তি তৈরি হয়নি, অশোক দাশের পরিবারেও বিরোধ দেখা দিয়েছে। চলতি বছরের ২০ মার্চ অশোকের স্ত্রী রিখা বৈদ্য ও বোন পম্পী দাশ প্রমার শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে অশোকের পরিবারও পরকীয়ার বিচারের দাবিতে পটিয়া থানায় অভিযোগ দেয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিকাশ অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর প্রমা চৌধুরী ও অশোক দাশ বেআইনিভাবে তার বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি চার আনা স্বর্ণালংকার নিয়ে যাওয়ার পাশাপাশি জোরপূর্বক ঘর দখলের চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।
বিকাশ চৌধুরী বলেন, এসব ঘটনার প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ অবস্থায় চুরি হওয়া মালামাল উদ্ধার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিকাশ চৌধুরী। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিকাশ চৌধুরীর বাবা বিশ্ব চৌধুরী, ভাই আশিষ চৌধুরী ও আশিষের স্ত্রী সুমি চৌধুরী উপস্থিত ছিলেন।