শেষমেশ ভিটামাটি বিক্রি করে দিচ্ছেন রাজপাল

বলিউড অভিনেতা রাজপাল যাদব এবার ঋণ শোধ করতে ভিটামাটি বিক্রি করে দিচ্ছেন। চেক বাউন্স সংক্রান্ত একটি পুরনো মামলায় ভারতের সুপ্রিম কোর্টে বুধবার (৭ অক্টোবর) শুনানিতে রাজপালের তরফে জানানো হয়, তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে মামলার বকেয়া মেটানোর ব্যবস্থা করছেন।অভিনেতা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করার যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে সম্মতি জানালো সুপ্রিম কোর্ট। একইসঙ্গে মামলার বকেয়া মেটানোর জন্য নির্দিষ্ট সময়সীমা ও অর্থ জমা দেওয়ার প্রক্রিয়াও ঠিক করে দিয়েছে শীর্ষ আদালত। 

 রাজপাল যাদবের বিরুদ্ধে চলা এই দীর্ঘ আইনি লড়াইয়ের সূত্রপাত তার ২০১২ সালের ছবি ‘আতা পতা লাপতা’-কে কেন্দ্র করে নেওয়া ঋণ থেকে। মামলাটি শুনছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। শুনানিতে আদালতকে জানানো হয়, বকেয়া মেটাতে ইতিমধ্যেই ২ কোটি টাকা জোগাড়ের ব্যবস্থা করেছেন অভিনেতা। 

 এর মধ্যে ১ কোটি ১৫ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বাকি ৮৫ লক্ষ টাকা রাজপালের পৈতৃক সম্পত্তির সম্ভাব্য ক্রেতা ১২ অক্টোবরের মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দেবেন বলে আদালতকে জানানো হয়। এই প্রস্তাব বিবেচনা করেই রাজপালকে সম্পত্তি বিক্রি করে বকেয়া মেটানোর সুযোগ দিয়েছে শীর্ষ আদালত।