শেষমেশ নিলামে রাজপাল যাদবের বাড়ি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

ঘোর দুঃসময়ে বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি রুপির চেক বাউন্সের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন এই কমেডিয়ান। বলিউডের অনেক তারকাই তাকে আর্থিক সহায়তা করে পাশে দাঁড়িয়েছিলেন। কিন্ত দেউলিয়ার পথে থেকে মুক্ত হতে পারেনি তিনি। এরমধ্যে নিলামে উঠল জনপ্রিয় এই অভিনেতার বাড়ি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন করেছে।

 জানা গেছে, ব্যাংকের ঋণের দায়ে নিলামে উঠেছে রাজপালের বাড়ি। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুম্বাই শাখা থেকে স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরীর নামে ১৬.৬১ কোটি রুপি ঋণ নেন রাজপাল। কিন্তু পরিশোধ করতে পারেননি। সময়মতো পরিশোধ না করায় বছর দুয়েক আগে রাজপালকে সতর্ক করে পৈতৃক বাড়ি নিলামের নোটিশ দেওয়া হয়। এ ঘটনার পর অভিনেতার সঙ্গে সমঝোতা হয় ব্যাংকের। কিন্তু ঋণ শোধ করতে ব্যর্থ হন রাজপাল যাদব। আর দেরি করেনি সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষ। অভিনেতার শাহজাহানপুরের বাড়িতে নিলামের নোটিশ ঝুলিয়েছে।

 ব্যাংক জানিয়েছে, আগামী ৩৪ দিনের মধ্যে ব্যাঙ্কের টাকা শোধ না করলে রাজপালের পৈতৃক সম্পত্তি নিলামে তোলা হবে। নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর। ঘটনাটি টাটকা হলেও রাজপালের ভাই শ্রীপাল যাদব বলছেন, ‘এটা পুরনো বিষয। ঋণ পরিশোধের বিষয়ে ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই সমাধান হয়ে যাবে। বর্তমানে সম্পত্তি নিলামের মতো কোনো পরিস্থিতি নেই।’ 

গেল ফেব্রুয়ারিতে চেক বাউন্স মামলায় গ্রেফতার হন রাজপাল। সে সময় ১১ দিন কারাবাসের পর দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেন তাকে। সেইসঙ্গে বেঁধে দেওয়া হয় কিছু শর্ত। সেসব মেনে পাওনাদারকে অর্থ পরিশোধে ব্যর্থ হলে ফের হাতকড়া ওঠে তার হাতে। গেল জুলাইয়ে উচ্চ আদালত রাজপালকে ৩ মাসের কারাবাস দেন। মোটে ২৭ দিন কেটেছে। এরমধ্যে জমি-বাড়ি হারিয়ে সর্বহারা হওয়ার উপক্রম অভিনেতার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত