১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ৫৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি হবে আগামী ১ নভেম্বর।
বুধবার এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ১ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, ‘শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে প্রসিকিউশন যে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করেছিল, তার ওপর আজকে চার্জ হেয়ারিংয়ের দিন ধার্য ছিল। আসামিদের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে সময় মঞ্জুর করেছেন।’
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। এর মধ্যে ১১ জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার ১১ আসামি হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ সরকারের সময়ের মন্ত্রী আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ সিদ্দিকী, দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, একই টেলিভিশন চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং পুলিশের সাবেক ডিআইজি মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল।