চূড়ান্ত প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ ও শেষ প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ০৫ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, বর্তমান মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ১১ হাজার ৬৭৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে এর পরিমাণ ছিল ১৪ লাখ ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ দশমিক ৯৬ শতাংশ, ৩ দশমিক ০৩ শতাংশ এবং ২ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৩ দশমিক ৯১ শতাংশ, ৩ দশমিক ৫৩ শতাংশ ও ৪ দশমিক ৫৩ শতাংশ।

চার প্রান্তিকের সাময়িক হিসাব বিবেচনায় স্থির মূল্যে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ।