বিমানমন্ত্রী

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করতে চাই

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা— এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। 

শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভ্রমণ ও পর্যটন উন্নয়ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা খাতের সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আজকের এই প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

পর্যটন খাতের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬–৭ শতাংশে উন্নীত করতে চায়।

তিনি বলেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের অংশীজনদের সমন্বিতভাবে এগিয়ে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে সবসময় প্রস্তুত রয়েছে। তিনি উপস্থিত পর্যটন খাতের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বেসরকারি অংশীজনদের দেশের পর্যটন উন্নয়নে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার পর্যটন খাতের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, পর্যটন খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত