আমাকে মাইনাস করে কোনো কাজ করতে পারবেন না: এমপি মাসুদ সাঈদী

পিরোজপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে তাকে অবহিত করার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেছেন, পৌরসভার উন্নয়নকাজে সমন্বয় থাকা প্রয়োজন।

মাসুদ সাঈদী বলেন, ‘আমাকে মাইনাস করে কোনো কাজ আপনারা করতে পারবেন না। আমাকে না জানিয়ে কোনো পরিকল্পনা নেবেন না।’

বুধবার (৭ অক্টোবর) বিকেলে পিরোজপুর পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পৌর প্রশাসক মাহমুদুর রহমানের সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নীতিমালার কারণে পৌরসভায় সংসদ সদস্যের বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তবে পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এর নিজস্ব বাজেট রয়েছে। সেই বাজেট কোন কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার তার পাশাপাশি পৌরবাসীরও রয়েছে।

মাসুদ সাঈদী বলেন, ‘আপনারা আমাকে হিসাবটা দেবেন—বাজেট কত ছিল, কোন কোন খাতে কত টাকা ব্যবহার করছেন।’ পৌরবাসীর রাস্তা, পানি ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে কাজ করার কথাও জানান তিনি।

পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে দুর্নীতির মামলা চলছে।’ তার দাবি, মামলা চলাকালে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়া গেছে। তার আশা, দীর্ঘদিন ধরে আটকে থাকা সড়কের কাজ এ বছর শুরু হবে।
রাস্তা ও পানি সমস্যা নিয়ে জাতীয় সংসদে দুইবার কথা বলেছেন বলেও জানান মাসুদ সাঈদী। তবে পৌরসভার পক্ষ থেকে এখনো সুপরিকল্পিত কোনো প্রস্তাব পাননি বলে দাবি করেন তিনি।

পৌরসভা ও নাজিরপুরের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীকে নিয়ে আলোচনা করেছেন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা সড়কের কাজ এ বছরই শুরু হবে বলেও জানান তিনি।

পৌরসভার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে তাকে অবহিত করার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, জনগণের স্বার্থে পরিকল্পিতভাবে কাজ করতে হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় নিশ্চিত করতে হবে।