পিরোজপুরে যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও লেহেঙ্গা জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ভারতীয় পণ্য জব্দের বিষয়ে নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে গোপন খবর পেয়ে বরগুনার পাথরঘাটা থানার দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহজনক একটি মাছ ধরা নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পিরোজপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীর থেকে নৌকাটি জব্দ করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২২ হাজার ৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস ভারতীয় থ্রি-পিস ও ৫০ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়।
অভিযানের সময় চোরাকারবারিরা নদীর তীরে নৌকা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা আলামত ও মাছ ধরা নৌকাটি আইনগত ব্যবস্থা নিতে পিরোজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।