মনুমেন্তাল স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারির গর্জন, সতীর্থদের আলিঙ্গন আর রাতের আকাশের বর্ণিল ড্রোন শোর রোশনাই যখন ধীরে ধীরে থিতিয়ে এল, তখন নিস্তব্ধ রাতে নিজের অনুভূতির অর্ঘ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ফুটবলের জাদুকর। বুয়েনস আইরেসের সবুজ ঘাস ছেড়ে আন্তর্জাতিক আঙিনাকে চিরবিদায় জানানোর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে মেসি জানালেন, তার বলা ও বোঝানোর মতো আরও অনেক কিছু বাকি রয়ে গেছে।
৩৯ বছর বয়সী এই মহাতারকা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেনিনের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচের কিছু মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন যে এই পুরো অভিযাত্রাটি ছিল এক অবিশ্বাস্য সুন্দর পথচলা। ভক্ত-সমর্থকদের উদ্দেশে তিনি জানান, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর থেকেই তার গায়ে ওই আকাশি-নীল জার্সি জড়ানোর জন্য মন কেমন করে উঠছে। তবে এর মাঝেও তার হৃদয়ে সবচেয়ে বড় জায়গা জুড়ে রয়েছে প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মৃতি এবং মাত্র দুই মাস আগে চলে যাওয়া তার নিজ পিতার শূন্যতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে দেওয়া মেসির পূর্ণাঙ্গ বার্তাটি নিচে হুবহু তুলে ধরা হলো:
‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ আর এখনই আকাশি-নীল জার্সিটা গায়ে জড়ানোর জন্য আমার মন কেমন করছে। তবে আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। এটি ছিল এক অবিশ্বাস্য পথচলা, যা যেমন ছিল আনন্দে ভরা, তেমনি ছিল কিছু দুঃখের মায়ায় জড়ানো; তবে আমি নিশ্চিতভাবে জানি, আমি যে প্রতিটি পদক্ষেপে হেঁটেছি, তার প্রতিদান মিলেছে।
আর আমার বলার মতো এখনো অনেক কিছু বাকি আছে। অল্প কিছু শব্দে বা একটি পোস্টে আমার সব অনুভূতি প্রকাশ করা অসম্ভব। এই পথচলাটি আমার পরিবারের সাহায্য ছাড়া অসম্ভব ছিল, যারা সবসময় আমার পাশে থেকেছে এবং আমাকে সমর্থন জুগিয়েছে, বিশেষ করে কঠিন সময়গুলোতে, যখন আমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।
আমার বন্ধুরা ছাড়াও আমার জীবনের প্রতিটি সতীর্থ, কোচ এবং তাদের সহকারীরা অবদান ছিল অপরিহার্য। আমি ডিয়েগোকে (ম্যারাডোনা) ভুলে যেতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য মর্যাদায় নিয়ে গিয়েছিলেন এবং যেমনটা আমি সবসময় বলি, তিনি আমাদের পাশে থাকা অবস্থায় এবং আকাশ থেকে, আমাদের প্রতিটা পদক্ষেপে সাহায্য করে গেছেন।
আমার অনুভূতিকে সবসময় সম্মান জানানোর জন্য এবং জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সময় দেশকে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি যেসব ক্লাবের হয়ে খেলেছি, তাদের ধন্যবাদ জানাই । আর অবশ্যই ধন্যবাদ সৃষ্টিকর্তাকে: তার নির্দেশনা ও ইচ্ছা ছাড়া আমরা এতদূর আসার স্বপ্নও দেখতে পারতাম না।
আমি ভীষণ কৃতজ্ঞ। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি, আপনাদের মিস করব এবং আমাদের পাশে, আমার পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।’
এই আবেগঘন পোস্টের ঠিক কয়েক মিনিট পরই মেসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রয়াত বাবাকে উদ্দেশ্য করে আরেকটি হৃদয়বিদারক বার্তা দেন। দীর্ঘ অসুস্থতার পর চলতি বছরের ৮ আগস্ট না ফেরার দেশে চলে যাওয়া তার বাবার কথা স্মরণ করে তিনি লেখেন, ‘গত রাতে তোমাকে কতটা যে মিস করেছি, তা তোমার ধারণার বাইরে...।’