মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার নাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মুন্সীগঞ্জ পৌরসভার গণকপাড়া কাজীবাড়ি এলাকার আবুল বাশারের ছেলে মো. রবিন মিয়া (২২) এবং সদর উপজেলার ধামদো পুরোহিতপাড়া এলাকার নূর হোসেন বেপারীর ছেলে পলাশ বেপারী (৪২)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাহাপাড়া এলাকায় প্রয়াত ইউপি চেয়ারম্যান তোতা মিয়া মুন্সীর বাড়ির সামনের পুকুরপাড়ের গলির সড়কে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় দুইজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।