মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কলেজ গেট ও ভাগ্যকূল রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভাগ্যকূল রোড এলাকার বড় বাজার স্টোরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ২ হাজার ২৫০ টাকায় এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে দোকানটির ম্যানেজার মোহাম্মদ জিলানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, কলেজ গেট এলাকার লক্ষ্মী নারায়ণ সুইটমিটে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও ছানা প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি লাড্ডু তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর নোংরা নন-ফুডগ্রেড রঙ মেশানো এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়ও পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মিঠু চন্দ্র বর্মনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।